আজকের পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, জ্বালানি ও কাঁচামালের বাড়তি দাম বাংলাদেশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর জন্য বড় ব্যয়ের বোঝা হয়ে উঠেছে। এইচএসবিসির ‘গ্লোবাল ট্রেড পালস সার্ভে ২০২৬’-এর বাংলাদেশবিষয়ক তথ্যে দেখা যায়, অংশ নেওয়া দেশের ৭০ শতাংশ প্রতিষ্ঠান এরই মধ্যে সামগ্রিক ব্যয় বৃদ্ধির চাপে রয়েছে।
জরিপে ৫০ শতাংশ ব্যবসায়ী জ্বালানি ব্যয়কে প্রধান চাপ হিসেবে চিহ্নিত করেছেন, অন্যদিকে ৪৯ শতাংশ ব্যবসায়ী কাঁচামালের মূল্যবৃদ্ধিকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন। আগামী দুই বছরেও ব্যয় বাড়তে পারে বলে আশঙ্কা করছেন ৭৬ শতাংশ ব্যবসায়ী।
সরবরাহব্যবস্থার ঝুঁকি কমাতে উৎপাদন ও সরবরাহ কার্যক্রম নিজ দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশের ৫৫ শতাংশ প্রতিষ্ঠান, যা বৈশ্বিক গড় ৩৬ শতাংশের চেয়ে বেশি। একইভাবে চীনের ওপর নির্ভরতা কমিয়ে ‘চায়না প্লাস ওয়ান’ কৌশল নিয়েছে দেশের ৫৭ শতাংশ প্রতিষ্ঠান।
ব্যয় বৃদ্ধির চাপ থাকলেও আন্তর্জাতিক বাণিজ্যের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী দেশের ব্যবসায়ীরা। আগামী দুই বছরে আন্তর্জাতিক বাণিজ্যের প্রবৃদ্ধি নিয়ে আত্মবিশ্বাসী ৯১ শতাংশ ব্যবসায়ী। এছাড়া বাংলাদেশের ৮৬ শতাংশ প্রতিষ্ঠান বাণিজ্যসংশ্লিষ্ট অন্তত একটি কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার শুরু করেছে।
অন্যদিকে, বিদ্যুৎ উৎপাদন, শিল্পকারখানায় গ্যাস সরবরাহ এবং কৃষকের কাছে সার পৌঁছে দিতে সরকারের ভর্তুকি ব্যয় অস্বাভাবিক বেড়েছে। বাজেটে সারা বছরের জন্য যে বরাদ্দ ছিল, সাড়ে চার মাসেই তার প্রায় ৮৬ শতাংশ ব্যয় হয়ে গেছে বলে জানা গেছে।






