সমকালের প্রতিবেদন অনুযায়ী, আগামী দুই থেকে তিন মাসের মধ্যে আন্তর্জাতিক বাজারে প্রথমবারের মতো সার্বভৌম বন্ড ছাড়ার পরিকল্পনা করছে সরকার। অর্থায়নের উৎস বহুমুখী করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভীর শাহরিয়ার গনি।

রোববার কক্সবাজারের হোটেল ওশান প্যারাডাইসে ‘ইন্টারন্যাশনাল ডেট কনফারেন্স বাংলাদেশ ২০২৬’-এর এক ফাঁকে সাংবাদিকদের এ কথা জানান তিনি। অর্থ মন্ত্রণালয় ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) যৌথ আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

তানভীর শাহরিয়ার গনি বলেন, ‘আগামী দুই থেকে তিন মাসের মধ্যে আমরা আন্তর্জাতিক বাজারে প্রবেশ করতে চাই।’ নিউইয়র্ক অথবা লন্ডনের বাজারে এ বন্ড ছাড়ার পরিকল্পনা রয়েছে। তবে বন্ডের পরিমাণ কত হবে, তা পরে নির্ধারণ করা হবে।

সম্মেলনে অর্থমন্ত্রী বলেন, শুধু স্থানীয় বাজারে বন্ড ছাড়লে উন্নয়ন প্রকল্পের জন্য বৈদেশিক মুদ্রার প্রয়োজন হলে আন্তর্জাতিক বাজারের ওপর নির্ভর করতে হবে। তাই বিকল্প অর্থায়নের উৎস খুঁজতে হবে। বহুপক্ষীয় বা দ্বিপক্ষীয় উৎস থেকে ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নের সুযোগ কাজে লাগাতে হবে।

দেশি-বিদেশি পুঁজি সংগ্রহে সরকারের পরিকল্পনায় থাকা কয়েকটি অর্থায়ন উপকরণের কথাও তুলে ধরেন অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘নিউইয়র্কে ডলার বন্ড ছাড়ছি এবং হংকংয়ে বাংলাদেশভিত্তিক একটি ইকুইটি ফান্ড চালু করছি। পরবর্তী সময়ে জাপানের বাজারে সামুরাই বন্ড, চীনের বাজারে পান্ডা বন্ড এবং দেশের বাজারে সুকুক বন্ড ছাড়ব।’