ঢাকা টাইমসের চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধির প্রতিবেদন অনুযায়ী, জেলার শিবগঞ্জ উপজেলায় ৪র্থ শ্রেণির এক শিশুকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগে মাসুদ রানা নামে এক যুবককে ৮ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রবিবার (১৫ নভেম্বর) দুপুরে নারী ও শিশু সহিংসতা দমন ট্রাইবুনাল চাঁপাইনবাবগঞ্জের বিজ্ঞ বিচারক জেলা ও দায়রা জজ মইনুল হাসান ইউসুফ রনি এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মাসুদ রানা জেলার শিবগঞ্জ উপজেলার আড়গাড়াহাট কাশিয়াবাড়ি গ্রামের মৃত কুতুব উদ্দিনের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী রবিউল হক দোলন জানান, ২০২৪ সালের ৪ জানুয়ারি কাশিয়াবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের ছাদে একই বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করা হয়। এসময় স্থানীয়রা টের পেয়ে শিশুটিকে উদ্ধার করে এবং আসামি পালিয়ে যায়। পরে ওই ছাত্রীর মা বাদী হয়ে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেন। তদন্তকারী অফিসার এসআই সোহেল রানা ২০২৪ সালের ৩১ জুলাই মাসে চার্জশীট দাখিল করেন। সাক্ষ্য প্রমাণ শেষে আদালত আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন।