চ্যানেল আই-র প্রতিবেদন অনুযায়ী, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) অঙ্গপ্রতিষ্ঠান ‘ফ্রেশ এলপি গ্যাস’ ১২ কেজির তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডার সরকার নির্ধারিত খুচরা মূল্য ২ হাজার ৬০ টাকায় বিক্রির উদ্যোগ নিয়েছে। ঢাকার দুই সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় ৩৯টি ‘ডিস্ট্রিবিউশন পয়েন্ট’ বা দোকানে এই এলপিজি পাওয়া যাবে।
রোববার ১৫ নভেম্বর ঢাকার মিরপুর-১৫ নম্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন ফ্রেশ এলপি গ্যাসের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) আবু সাঈদ রাজা। তিনি বলেন, এ উদ্যোগের মাধ্যমে পণ্যের মূল্য সম্পর্কে স্বচ্ছতা নিশ্চিত করতে চাই এবং গ্রাহকদের প্রযোজ্য মূল্য সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়াই লক্ষ্য।
মেঘনা গ্রুপের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নির্ধারিত সর্বোচ্চ খুচরা মূল্যে এলপিজি পাওয়ার ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ দেখা দেওয়ায় দায়িত্বশীল ব্র্যান্ড হিসেবে ফ্রেশ এলপি গ্যাস এ বিষয়ে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। প্রাথমিকভাবে ঢাকা মহানগরের ৩৯টি নির্ধারিত পরিবেশক বিক্রয়কেন্দ্রের নাম ঘোষণা করা হয়েছে।
এসব বিক্রয়কেন্দ্রের মধ্যে রয়েছে মগবাজারের দিলু রোডের আর (জেবি) এন্টারপ্রাইজ, বাড্ডার আফতাবনগরের ফাইভ সার্কেল লিমিটেড, ভাটারার পূর্ব নূরেরচালার এস কে এস ট্রেডিং কোম্পানি, কাঁঠালবাগানের বক্স কালভার্ট রোডের দীপ্ত এন্টারপ্রাইজ এবং পশ্চিম রামপুরার পলাশবাগের লিজা এন্টারপ্রাইজ। এছাড়াও তেজগাঁও, খিলগাঁও, বাড্ডা, বনানী, মেরুল বাড্ডা, মুগদা, জোড়পুকুরপাড়, সবুজবাগ, শাজাহানপুর, চকবাজার, যাত্রাবাড়ী, ধলপুর, মিরপুর, খিলক্ষেত, দক্ষিণখান, উদয়ন, জামতলা, পল্লবী, উত্তরা, উত্তরখান, মোহাম্মদপুর, রায়েরবাজার, চন্দ্রিমা মডেল টাউন, কামরাঙ্গীরচর ও হাজারীবাগের বিভিন্ন নির্ধারিত দোকানেও এ সেবা পাওয়া যাবে।
যেসব ডিস্ট্রিবিউশন পয়েন্টে এলপিজি পাওয়া যাবে, সেগুলোর বিস্তারিত তালিকা ফ্রেশ এলপি গ্যাসের ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে।






