ফ্যামিলি কার্ড কর্মসূচির পরীক্ষার পর্যায়ে গত সেপ্টেম্বর পর্যন্ত দেশের ৭৪ হাজার ২৫৯টি পরিবার ভাতার আওতায় এসেছে বলে সমাজকল্যাণ মন্ত্রণালয় সংসদীয় কমিটির বৈঠকে জানিয়েছে। পর্যায়ক্রমে আনুমানিক ৪ কোটি ১০ লাখ পরিবারকে এ সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা নিয়েছে সরকার। প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, এই লক্ষ্যে বর্তমানে দেশজুড়ে তথ্য সংগ্রহের কাজ চলছে এবং ২৩ নভেম্বর পর্যন্ত ৫৯ লাখ ১৬ হাজার ৭৯৬টি পরিবারের তথ্য সংগ্রহ সম্পন্ন হয়েছে।
সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে নিম্ন আয়ের ও দরিদ্র পরিবারগুলোর নারী সদস্যদের মাসে আড়াই হাজার টাকা করে সরাসরি নগদ আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। সংগৃহীত তথ্য অনুযায়ী ভাতার টাকা সরাসরি মোবাইল ওয়ালেট অথবা ব্যাংক হিসাবে পাঠানো হচ্ছে। আগামী ডিসেম্বরের মধ্যে সব পরিবারের তথ্য সংগ্রহের কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সংসদীয় কমিটির বৈঠকে ফ্যামিলি কার্ডের ভাতা প্রদান ও তালিকা তৈরিতে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করার তাগিদ দেওয়া হয়েছে। কমিটির সভাপতি মো. শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রকৃত দরিদ্র ও অসহায় পরিবার নির্বাচন নিশ্চিত করার পাশাপাশি কোনো অনিয়ম হলে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।






