দেশ রূপান্তরের প্রতিবেদন অনুযায়ী, কুড়িগ্রামের উলিপুরে সরকারি ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে নিম্নআয়ের মানুষের কাছ থেকে জনপ্রতি ৫ হাজার টাকা করে আদায়ের অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শওকত ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। এর আগে একই দিনে বেলা ১১টার দিকে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের চর কিশামত ফুলবাড়ী এলাকার নামানীরচর থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— উলিপুর উপজেলার সাদুয়া দামারহাট এলাকার কাজল মিয়া (৪৪), চিলমারী উপজেলার মাচাবান্ধা এলাকার চাঁদ মিয়া (৪৯) এবং উলিপুর উপজেলার ধরনীবাড়ী সরকারপাড়া এলাকার রুহুল আমিন (৪৯)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আটকদের মধ্যে একজন ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী হিসেবে পরিচিত। স্থানীয় লোকজনের নজরে এলে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে এবং বিভিন্ন সরঞ্জাম জব্দ করে।
ওসি শওকত ইসলাম জানান, প্রতারণার মামলা করে আদালতের মাধ্যমে আটকদের কারাগারে পাঠানো হবে।






