ঢাকা পোস্টের প্রতিবেদন অনুযায়ী, রাজধানীর খিলগাঁও থানার পেছনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে মাজহারুল ইসলাম (৩০) নামে একজনকে আটক করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, থানার পেছনে কয়েকটি ভবন পরে বাটার শোরুমের পাশে বিস্ফোরণটি ঘটে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে মাজহারুলকে আটক করা হয়।
তিনি আরও বলেন, আটক ব্যক্তি নিজেকে রিকশাচালক পরিচয় দিলেও তার সঙ্গে কোনো রিকশা পাওয়া যায়নি। প্রাথমিক তথ্য অনুযায়ী, তিনি ঢাকা শহরে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ঘটাতেন। তাকে বহন করা একটি মোটরসাইকেল সন্দেহের তালিকায় রয়েছে এবং চালককে গ্রেপ্তারে অভিযান চলছে।






