বাংলা ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, সারা দিন নোয়াখালীর স্বর্ণদ্বীপে ব্যস্ত সময় কাটিয়ে সন্ধ্যায় সচিবালয়ে অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকাল সোয়া ৫টায় সচিবালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে প্রবেশের পর নিয়ম অনুযায়ী ফিঙ্গারপ্রিন্ট দিয়ে নিজের উপস্থিতি নিশ্চিত করে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ও দাফতরিক কাজ সম্পন্ন করেন তিনি।
এর আগে তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে হেলিকপ্টারে করে নোয়াখালীর স্বর্ণদ্বীপের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। বেলা সাড়ে ১১টায় হেলিকপ্টারটি স্বর্ণদ্বীপে অবতরণ করে। সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন আয়োজন করা হয়।
সেনাপ্রধানকে পাশে বসিয়ে আর্মি ট্যাকটিক্যাল ভেহিকল (সাঁজোয়া যান) চালিয়ে প্রধানমন্ত্রী জয়েন্ট স্পেশাল ফোর্সের চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করেন। এ সময় দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী দেখেন এবং তিন বাহিনীর কর্মকর্তা ও জওয়ানদের কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
বিশেষ এ মহড়ায় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নেন। মহড়া পরিদর্শন শেষে বিকালে ঢাকায় ফিরে তিনি সচিবালয়ে দাফতরিক কাজে অংশ নেন।






