ইত্তেফাক-এর প্রতিবেদন অনুযায়ী, নির্বাচন কমিশনের (ইসি) সার্ভারে সফটওয়্যার জটিলতার কারণে প্রায় ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) লকড হয়ে রয়েছে। এর ফলে সিম কার্ড কেনা, ব্যাংক হিসাব খোলা, জমি নিবন্ধন ও পাসপোর্ট নবায়নের মতো জরুরি সেবা নিতে গিয়ে সমস্যায় পড়ছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ইসির এনআইডি শাখার কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন।

ইসি সূত্রে জানা গেছে, একাধিকবার ভোটার হওয়া, আদালতের নির্দেশ, দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আবেদনের পরিপ্রেক্ষিতে এসব পরিচয়পত্র লক করা হয়েছে। একাধিকবার ভোটার হওয়া ব্যক্তিদের যাচাই-বাছাই করে প্রথমটি বহাল রেখে পরেরটি বাতিল করা হচ্ছে। তবে কবে থেকে এসব পরিচয়পত্র লক রয়েছে, তার নির্দিষ্ট কোনো হিসাব দিতে পারেননি কর্মকর্তারা।

বর্তমানে এনআইডি আনলক করাতে নাগরিকদের ঢাকার নির্বাচন ভবনে যেতে হচ্ছে, যা ঢাকার বাইরের লোকজনের জন্য কষ্টসাধ্য। এই ভোগান্তি কমাতে কেন্দ্রীয় কার্যালয়ের পরিবর্তে মাঠপর্যায় থেকে সেবা চালুর উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন।