কক্সবাজারের কলাতলী হোটেল-মোটেল জোনের ‘কক্স অ্যাম্বাসেডর’ নামের একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হোটেলটির আটতলার একটি কক্ষে আগুনের সূত্রপাত হয়। তবে ফায়ার সার্ভিসের দ্রুত হস্তক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা ছাড়াই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছে বাংলা ট্রিবিউন।

ঘটনার সময় হোটেলটির ভেতরে শতাধিক পর্যটক অবস্থান করছিলেন। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় ভেতরে থাকা পর্যটকসহ আশপাশের হোটেলের অতিথি ও স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে রাস্তায় নেমে আসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আটকা পড়া পর্যটকদের দ্রুত নিচে নামিয়ে আনে। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক সৈয়দ মোর্শেদ হোসেন জানান, হোটেলটির আটতলার একটি কক্ষের এসি থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। ফায়ার সার্ভিস কর্মীদের দ্রুত কাজের ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং পর্যটকদের নিরাপদে নামিয়ে আনা সম্ভব হয়।

বাংলা ট্রিবিউনের প্রতিবেদনে উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে কক্সবাজারের পর্যটন এলাকায় ধারাবাহিকভাবে একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত ১০ নভেম্বর কলাতলীর সৈকতপাড়া সড়কে এক অগ্নিকাণ্ডে চারটি বসতঘর পুড়ে যায়। এর আগে ২৩ অক্টোবর সুগন্ধা পয়েন্টের হোটেল সি প্রিন্সেসে আগুন লাগলেও তা দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে গত ১৭ অক্টোবর উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছিল।