সারাবাংলা সূত্রে জানা যায়, বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের বড়ইতলী পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭টি বসতঘর ও দুটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (৯ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের এ পাড়ায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। স্থানীয়দের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চুলার আগুন থেকেই মূলত অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং মুহূর্তেই তা আশপাশে ছড়িয়ে পড়ে। তারাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উনু মং মারমা জানান, তিনি অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছেন এবং সেখানে পৌঁছে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।
এদিকে রোয়াংছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার এ্যানি বড়ুয়া জানান, রাত সোয়া ১১টার দিকে ৯৯৯-এর মাধ্যমে আগুন লাগার খবর পাওয়া যায়। ভৌগোলিক দূরত্বের কারণে বিষয়টি বান্দরবান সদর ফায়ার সার্ভিস স্টেশনকে জানানো হয়। বর্তমানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।






