ফরিদপুর শহরের গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ড এলাকায় সোমবার গভীর রাতে দাঁড়িয়ে থাকা একটি লোকাল বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। ঘটনায় আগুন নেভানোর চেষ্টা করতে গিয়ে শ্বাসকষ্টে বাসচালক মো. কালাচাঁদ (৫০) মৃত হন।
সমকালের প্রতিবেদন অনুযায়ী, নিহত কালাচাঁদের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিগনগর গ্রামে। তিনি ফরিদপুর-টেকেরহাট-মাদারীপুর রুটে চলাচলকারী ‘কিশোর-তনয়’ পরিবহনের একটি লোকাল বাসের (নিবন্ধন নম্বর ফরিদপুর-ব-১১-০১৮২) চালক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে বাসটি গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ডের সামনে সড়কের ওপর দাঁড় করানো ছিল এবং চালক বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন। এ সময় দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দিলে তিনি বাইরে বের হয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। একপর্যায়ে শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়।
ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শ্রীবাস বারৈ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নেভানোর সময় শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়েন বাসচালক কালাচাঁদ। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।





