ঢাকা ট্রিবিউনের প্রতিবেদনে প্রকাশ, নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের নেতাকর্মীদের সড়ক অবরোধ এবং পুলিশের সঙ্গে সংঘর্ষের জেরে কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। শনিবার রাতে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, শনিবার রাত পৌনে ১১টার দিকে চৌদ্দগ্রাম উপজেলা ট্রেনিং সেন্টার এলাকা থেকে একটি মিছিল বের করে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে তারা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে গাছ ফেলে এবং টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে। এ সময় কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয় এবং মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
ঘটনার প্রায় এক ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় স্থানীয় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরাও পুলিশের সঙ্গে যোগ দেন, যার ফলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের সূত্রপাত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে এবং রাত পৌনে ১২টা পর্যন্ত সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়া চলে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসেন জানান, পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে এবং পরবর্তীতে মহাসড়কে যান চলাচল পুনরায় চালু করা হয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং জড়িতদের চিহ্নিত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।






