বাংলা ট্রিবিউনের তথ্যানুযায়ী, কুড়িগ্রাম টেক্সটাইল মিলস চত্বর ইজারা দেওয়ার এক বছরের মাথায় সংশ্লিষ্ট কোম্পানির সঙ্গে চুক্তি বাতিল করেছে বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশন (বিটিএমসি)। এর ফলে ১৭ বছর ধরে বন্ধ থাকা মিলস চত্বরে শিল্পকারখানা চালুর মাধ্যমে হাজারো মানুষের কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা থমকে গেছে।
মিলসটির ইনচার্জ মিজানুর রহমান চুক্তি বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন। বিটিএমসি সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ২৬ জানুয়ারি নবায়নযোগ্য ইজারা পদ্ধতিতে ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেডকে মিলসটি ইজারা দেওয়া হয়েছিল এবং একই বছরের ৭ ফেব্রুয়ারি চুক্তিপত্র হস্তান্তর করা হয়। মাসে চার লাখ ছয় হাজার ৫১০ টাকা ভাড়ায় ৩০ বছরের জন্য এই চুক্তি হয়েছিল।
চুক্তির শর্ত অনুযায়ী কারখানা স্থাপনের উদ্যোগ ও নির্ধারিত সময়ের মধ্যে প্রস্তুতি না নেওয়ায় চলতি বছরের এপ্রিল মাসে বিটিএমসি এই সিদ্ধান্ত নেয়। তবে মিলসটি পুনরায় ইজারা দেওয়ার জন্য এখন উন্মুক্ত দরপত্র আহ্বানের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিটিএমসি।






