আফগানিস্তানের তালেবান সরকার মাহরাম বা পুরুষ সঙ্গী উপস্থিত না থাকলে, অথবা নারী নার্স না থাকলে নারী রোগীদের চিকিৎসা না দিতে পুরুষ চিকিৎসকদের 'অঘোষিত' নির্দেশনা দিয়েছে। ঢাকা পোস্টের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই নির্দেশনা মানাতে পুরুষ চিকিৎসকদের বাধ্য করছে তালেবান যোদ্ধারা।
সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান বৃহস্পতিবার (১২ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে গত জুলাইয়ের একটি ঘটনা উল্লেখ করা হয়েছে। সেখানে ফরিদা (ছদ্মনাম) নামে এক নারী দাঁতের তীব্র ব্যথা নিয়ে একটি ক্লিনিকে যান। দন্তচিকিৎসক তাকে জানিয়েছিলেন, তার একাধিক দাঁত ফেলে নতুন করে লাগাতে হবে এবং সেজন্য কয়েকবার ক্লিনিকে আসতে হবে। তিনি তিনবার ক্লিনিকে গেলেও এরপর ক্লিনিক থেকে তাকে ফোন করে বলা হয়, 'বিশেষ পরিস্থিতির' কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং পরিস্থিতি পরিবর্তন হলে জানানো হবে। তবে এরপর আর কোনো ফোন আসেনি।
উত্তর আফগানিস্তানের সরকারি হাসপাতালের চিকিৎসক শামীম (ছদ্মনাম) এই অঘোষিত নির্দেশনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি দ্য গার্ডিয়ানকে বলেছেন, “আমাদের সরাসরি নারী রোগীদের পরীক্ষা করার সুযোগ নেই, কারণ আমরা তাদের মাহরাম নই। রোগীর অবস্থা যাই হোক, গুরুতর বা কম ভালো, এ ক্ষেত্রে কোনো পার্থক্য নেই।”
দ্য গার্ডিয়ান জানিয়েছে, তালেবান সরকার ২০২৪ সাল থেকে নারীদের চিকিৎসাবিদ্যা পড়া এবং হাসপাতালে নারী চিকিৎসক নিয়োগ বন্ধ রেখেছে। এমনকি যেসব নারী চিকিৎসক চিকিৎসা সেবা দিচ্ছেন, তাদের রোগীদের সঙ্গেও মাহরাম রাখার বাধ্যবাধকতা রয়েছে। এক নারী রোগী জানিয়েছেন, তিনি তার বাবার সঙ্গে এক পুরুষ ডাক্তারকে দেখাতে গেলেও ডাক্তার তাকে দেখেননি। তাকে বলা হয়, অন্য কোনো নারী মাহরাম নিয়ে আসলে তবেই চিকিৎসা করা হবে, যাতে শরীরে স্পর্শের প্রয়োজন হলে ওই নারী সহায়তা করতে পারেন। ওই চেম্বারে কোনো নারী স্টাফ না থাকায় তাকে অপেক্ষা করতে বলা হয়।






