সারাবাংলা সূত্রে জানা গেছে, জাতীয় কিডনি রোগ ও ইউরোলজি ইনস্টিটিউট (নিকডু) এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) আওতায় পরিচালিত ডায়ালাইসিস সেবা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আগামী ২৯ নভেম্বর এই সেবা পরিচালনার চুক্তির মেয়াদ শেষ হতে চলেছে। এর ফলে ঢাকা ও চট্টগ্রামের প্রায় ৫০০ দরিদ্র ও অসচ্ছল কিডনি রোগীর নিয়মিত ডায়ালাইসিস নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে।
সারাবাংলার প্রতিবেদন অনুযায়ী, গত শনিবার জাতীয় প্রেস ক্লাবের মওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে ‘ডায়ালাইসিস সেন্টার (পিপিপি) রক্ষা ও রোগী কল্যাণ কমিটি’ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই শঙ্কার কথা জানানো হয়। রোগী ও তাদের স্বজনরা জানিয়েছেন, বিকল্প ব্যবস্থা না করে সেন্টার দুটি বন্ধ করে দেওয়া হলে নিয়মিত ডায়ালাইসিসের ওপর নির্ভরশীল রোগীদের জীবন চরম ঝুঁকিতে পড়বে।
সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, সরকারি হাসপাতালে ডায়ালাইসিসের সুযোগ সীমিত এবং সেখানে সেবার মান নিয়েও নানা সমস্যা রয়েছে। সরকারি ব্যবস্থাপনায় ২০ হাজার টাকা অগ্রিম জমা দেওয়া, একই ডায়ালাইজার বারবার ব্যবহার, জনবল সংকট এবং উপকরণের অভাবের মতো বিভিন্ন সীমাবদ্ধতার কথা তুলে ধরেন তারা। এ অবস্থায় পিপিপি প্রকল্পের মেয়াদ বাড়িয়ে অথবা বিকল্প কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে সেবাটি চালু রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন রোগীর স্বজনেরা।






