জাপান সফরের তৃতীয় দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জুবাইদা রহমান টোকিওতে স্বাস্থ্যসেবা, প্রবীণ পরিচর্যা ও সংস্কৃতি বিষয়ক বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন।
বুধবার দিনের কর্মসূচির অংশ হিসেবে তিনি টোকিওর হানেদা ইনোভেশন সিটিতে অবস্থিত ফুজিতা হেলথ ইউনিভার্সিটি হানেদা ক্লিনিক পরিদর্শন করেন। সেখানে তিনি ক্লিনিকের উন্নত চিকিৎসাপ্রযুক্তি ও বিভিন্ন স্বাস্থ্যসেবা সম্পর্কে অবহিত হন। সংশ্লিষ্টরা জানান, বিশ্বে এ ধরনের মাত্র পাঁচটি সিটি স্ক্যানার রয়েছে। এছাড়াও তিনি পেট-সিটি ও এমআরআই সুবিধা এবং নমুনা সংগ্রহে ব্যবহৃত রোবট প্রযুক্তি সম্পর্কে জানতে পেরেছেন।
পরে তিনি টোকিওর বুনকিও-কু এলাকায় সাসাকাওয়া হেলথ ফাউন্ডেশন পরিচালিত কমিউনিটি-ভিত্তিক হোম-কেয়ার নার্সিং সেন্টার হংগো পরিদর্শন করেন। সেখানে তিনি নার্সিং ও পুনর্বাসনকেন্দ্রের কার্যক্রম ঘুরে দেখেন এবং কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।
দুপুরের খাবারের পর ইউয়েনো পার্কে অবস্থিত টোকিও ন্যাশনাল মিউজিয়াম পরিদর্শন করেন তিনি। সেখানে তিনি জাপানের ঐতিহ্য ও সংস্কৃতির বিভিন্ন নিদর্শন ঘুরে দেখেন। বিকেলে তিনি সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। পরে জাপানের রাজপরিবারের সদস্য প্রিন্সেস তাকামাদোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ডা. জুবাইদা রহমান।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ তথ্য জানান।






