ইনকিলাবের সংবাদ অনুযায়ী, ‘হিজাব পরা ইসলামের কোনো অপরিহার্য ধর্মীয় অনুশীলন নয়’—এলাহাবাদ হাইকোর্টের এমন রায়কে কোনো আইনি নজির হিসেবে গণ্য করা যাবে না বলে স্পষ্ট জানিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করা একটি পিটিশনের শুনানিতে এই নির্দেশনা দেওয়া হয়।
গত ২০ নভেম্বর বিচারপতি অরবিন্দ কুমার ও বিচারপতি বিপুল এম পাঞ্চোলির বেঞ্চ এই আদেশ দেন। এলাহাবাদ হাইকোর্টের ২১ আগস্টের রায়কে চ্যালেঞ্জ করে ‘মুসলিম উইমেন’স স্টাডি সার্কেল’ পিটিশনটি করে। আদালত আবেদনটি কর্ণাটকের হিজাব বিতর্ক-সংক্রান্ত বিচারাধীন আপিলের সাথে যুক্ত করার নির্দেশ দিয়েছেন এবং উত্তরপ্রদেশ সরকারের বক্তব্য চেয়েছেন।
প্রয়াগরাজের একটি স্কুলের একাদশ শ্রেণির এক ছাত্রীকে হিজাব পরার কারণে ভর্তি না নেওয়ার ঘটনায় মামলাটির সূত্রপাত হয়েছিল। পরে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ছাত্রীর আবেদন খারিজ করেছিলেন। বর্তমান পিটিশনে হাইকোর্টের রায়কে মৌলিক অধিকারের পরিপন্থী ও বৈষম্যমূলক বলে দাবি করা হয়েছে।





