একাত্তর টিভির প্রতিবেদন অনুযায়ী, রাজধানী ঢাকার ওপর জনসংখ্যা ও আবাসনের চাপ কমাতে কেরানীগঞ্জে তিন হাজার একর জমিতে একটি সেকেন্ডারি সিটি গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। রাজধানীর পাশে আধুনিক নাগরিক সুবিধাসম্পন্ন পরিকল্পিত জনবসতি গড়ে তোলাই এর মূল লক্ষ্য, যার ফলে ঢাকার মূল নগর এলাকার বাইরে বসবাসের বিকল্প সুযোগ তৈরি হবে।

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের (জাগৃক) সচিব মনদীপ ঘরাই বাসস’কে জানিয়েছেন, কেরানীগঞ্জের প্রস্তাবিত ঢাকা ওয়েস্টার্ন বাইপাসসংলগ্ন কলাতিয়া ও তারানগরসহ আশপাশের এলাকায় এ প্রকল্পের স্থান চিহ্নিত করা হয়েছে। এলাকাটি বসিলা সেতু থেকে প্রায় আড়াই কিলোমিটার পশ্চিমে এবং ঢাকা-আরিচা মহাসড়ক থেকে প্রায় ছয় কিলোমিটার দক্ষিণে অবস্থিত। তবে প্রকল্পটি বর্তমানে পরিকল্পনার পর্যায়ে রয়েছে এবং সম্ভাব্যতা যাচাই ও মহাপরিকল্পনার মাধ্যমে এর বিস্তারিত নির্ধারিত হবে। মোট আবাসনসংখ্যা, নির্মাণব্যয় ও বাস্তবায়নের সময়সীমা এখনো চূড়ান্ত হয়নি।

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোসা. ফেরদৌসী বেগম জানিয়েছেন, সেকেন্ডারি সিটির পাশাপাশি নিম্ন আয়ের মানুষের আবাসনের চাহিদা মেটাতে টঙ্গীতে ফ্ল্যাট কেনার পরিবর্তে মাসিক ভাড়ায় বসবাসের সুযোগ সংবলিত পৃথক উদ্যোগ নেওয়া হচ্ছে। এছাড়া স্বল্প ও মধ্যম আয়ের মানুষের জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করতে বর্তমানে সংস্থাটির ১৫টি প্রকল্প চলমান রয়েছে বলেও জানানো হয়েছে।