ঢাকা টাইমস জানায়, ২০২৭ শিক্ষাবর্ষের জন্য বেসরকারি স্কুল এবং স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী ভর্তির নীতিমালায় এলাকাভিত্তিক সর্বোচ্চ ফি নির্ধারণ করেছে শিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে নির্ধারিত ফি-র চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করা হলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিও বাতিলসহ কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
প্রকাশিত নীতিমালা অনুযায়ী, সেশন চার্জসহ ভর্তি ফি মফস্বল এলাকায় সর্বোচ্চ ৫০০ টাকা, উপজেলা পৌর এলাকায় ১ হাজার টাকা, জেলা সদর পৌর এলাকায় ২ হাজার টাকা এবং ঢাকা ছাড়া অন্য মহানগর এলাকায় সর্বোচ্চ ৩ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে ঢাকা মহানগরীর এমপিওভুক্ত প্রতিষ্ঠানে সর্বোচ্চ ৫ হাজার টাকা, আংশিক এমপিওভুক্ত ও এমপিওবিহীন প্রতিষ্ঠানে উন্নয়ন ও শিক্ষক বেতন বাবদ সর্বোচ্চ ৮ হাজার টাকা এবং ইংরেজি সংস্করণের প্রতিষ্ঠানে সর্বোচ্চ ১০ হাজার টাকা নেওয়ার সুযোগ রাখা হয়েছে।
ঢাকা টাইমস জানায়, প্রথম শ্রেণিতে ভর্তির জন্য আবশ্যিকভাবে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে। আর দ্বিতীয় থেকে নবম শ্রেণির শূন্য আসনে লিখিত পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী বাছাই করতে হবে। নীতিমালায় আরও উল্লেখ করা হয়েছে, একই প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পরবর্তী শ্রেণিতে উন্নীত শিক্ষার্থীদের কাছ থেকে কেবল বার্ষিক সেশন চার্জ নেওয়া যাবে, কোনো অবস্থাতেই পুনর্ভর্তি ফি আদায় করা যাবে না।






