আজকের পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, লালমনিরহাটের পাটগ্রাম শহরের মূল সড়ক থেকে অলিগলি পর্যন্ত ব্যাটারি ও সিএনজিচালিত অটোরিকশার দাপট এবং হকারদের সড়ক ও ফুটপাত দখলের কারণে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। ট্রাফিক নিয়মের তোয়াক্কা না করে যত্রতত্র অটোরিকশা থামিয়ে যাত্রী ওঠানামার ফলে এবং রাস্তার দুই পাশে পাঁচ থেকে সাত ফুট জায়গা জুড়ে অস্থায়ী দোকানপাট বসায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
বিশেষ করে সাপ্তাহিক হাটবার রোববার ও বৃহস্পতিবার ৮টি ইউনিয়ন থেকে হাজারো মানুষ শহরে আসায় চাপ আরও বাড়ে। হকারদের দাবি, পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ করা হলে তারা কষ্টে পড়বেন। অন্যদিকে শহরবাসী ও শিক্ষার্থীরা বলছেন, বেপরোয়া অটোরিকশা ও যানজটের কারণে চলাচল করা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করতে কয়েক দফা অভিযান ও মাইকে প্রচার চালানো হলেও চালকেরা নির্দেশ মানছেন না। পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক ফারজানা আখতার আজকের পত্রিকাকে জানান, এই সংকট দূর করাকে তাঁরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন এবং সমাধানের সর্বোচ্চ চেষ্টা করা হবে।






