কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক ছাত্রী ও তার মাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় মোবারক হোসেন নামের এক আসামিকে মৃত্যুদণ্ড ও তিন lakh টাকা জরিমানা করেছেন আদালত। রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের খবর অনুযায়ী, মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ইয়াসির আরাফাত এ রায় ঘোষণা করেন। চার্জশিট দা্মিলের মাত্র তিন মাসের মধ্যে আদালত এ রায় দিলেন।
মামলার বিবরণ ও বাসসের তথ্য অনুযায়ী, আসামি মোবারক প্রথমে ওই ছাত্রীকে ধর্ষণ করেন। ঘটনাটি তার মা দেখে ফেলায় তাকে বালিশচাপা দিয়ে এবং পরবর্তীতে ছাত্রীকেও হত্যা করা হয়। বিচার প্রক্রিয়ায় আদালত মোট ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। আসামি আদালতে তার অপরাধের কথা স্বীকার করেন। আসামিপক্ষে কোনো আইনজীবী না থাকায় আদালত থেকে সরকারি খরচে আইনজীবী নিয়োগ দেওয়া হয়, যিনি সাক্ষীদের জেরা করেন। এর আগে ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর সকালে কুমিল্লার কালিয়াজুরী এলাকার একটি ভাড়া বাসা থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছিল পুলিশ।
এদিকে সমকালের প্রতিবেদনে বলা হয়েছে, আসামি মোবারক হোসেন একজন কথিত কবিরাজ এবং তিনি জিনের আছর ছাড়ানোর কথা বলে ওই বাসায় প্রবেশ করেছিলেন। সমকালের তথ্যানুযায়ী, নিহতরা হলেন সুমাইয়া আফরিন রিনথি ও তার মা তাহমিনা বেগম। সুমাইয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী ছিলেন। ঘটনার পরদিন ৯ সেপ্টেম্বর কুমিল্লা রেলস্টেশন এলাকা থেকে মোবারককে গ্রেপ্তার করেছিল গোয়েন্দা পুলিশ। রায় ঘোষণার পর কারাগারে নেওয়ার সময় আসামির ওপর ক্ষুব্ধ লোকজনের হামলার ঘটনা ঘটে বলেও সমকালের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।



