আজকের পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত টানেল চালুর তিন বছর পেরিয়ে গেলেও সংযোগ সড়কের কাজ এখনো পূর্ণতা পায়নি। ধীরগতির কারণে দক্ষিণ চট্টগ্রামের লক্ষাধিক মানুষ যানজট ও ভোগান্তিতে ভুগছেন।
সড়ক ও জনপথ বিভাগের তথ্যমতে, শিকলবাহা ওয়াই জংশন থেকে আনোয়ারার কালাবিবির দীঘি পর্যন্ত প্রায় সাড়ে ১১ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীত করার প্রকল্পটি ২০২০ সালের ১৮ ফেব্রুয়ারি একনেকে অনুমোদিত হয়। প্রাথমিক ব্যয় ছিল প্রায় ৪০৭ কোটি টাকা।
প্রকল্পটির কাজ ২০২২ সালের জুনে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু নানা প্রতিবন্ধকতায় তা সম্ভব হয়নি। কয়েক দফায় মেয়াদ বাড়িয়ে সর্বশেষ ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছিল। এবার নতুন করে ছয় মাস সময় বাড়ানো হয়েছে, যাতে নতুন লক্ষ্যমাত্রা দাঁড়িয়েছে ২০২৭ সালের জুন।
১২ নভেম্বর মন্ত্রিসভা কমিটির বৈঠকে একটি প্যাকেজের চুক্তিমূল্য ৫৬ কোটি ৯০ লাখ ৭ হাজার ৩১৫ টাকা বাড়ানোর প্রস্তাব অনুমোদিত হয়। এতে ওই প্যাকেজের সংশোধিত চুক্তিমূল্য দাঁড়িয়েছে ৩২৩ কোটি ৪ লাখ ৭০ হাজার ২৬৫ টাকা। মূল চুক্তিমূল্যের তুলনায় ব্যয় বেড়েছে ২১ দশমিক ৩৭৯ শতাংশ।
সড়ক ও জনপথ বিভাগের চট্টগ্রাম দক্ষিণের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রকল্পের প্রায় ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে এবং বাকি কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।






