ঢাকা ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, চট্টগ্রামের ফটিকছড়ির দুর্গম পাহাড়ে শীর্ষ সন্ত্রাসী রায়হান আলমের সঙ্গে জড়িত একটি অবৈধ অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে জেলা পুলিশ। কয়েকদিনের ধারাবাহিক অভিযানে অস্ত্র, গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হলেও মূল অভিযুক্ত রায়হান এখনো পলাতক রয়েছেন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গত ২২ নভেম্বর সুয়াবিল ইউনিয়নের পাহাড়ে রায়হানের অবস্থানের খবর পেয়ে অভিযান শুরু করে ভূজপুর থানা ও জেলা গোয়েন্দা পুলিশ। ২৩ নভেম্বর হাজিরখিল কোদালিয়া টিলা পাহাড়ে অভিযান চালিয়ে কার্তুজ, বন্দুকের খণ্ডিত অংশ, ড্রিল মেশিন ও গ্রাইন্ডার উদ্ধার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেখে অপরাধীরা আরও গহিন পাহাড়ে পালিয়ে যায়।
ওই দিন সন্ধ্যায় সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলে করে পালানোর সময় স্থানীয়রা তাদের আটকাতে গেলে সন্ত্রাসীদের গুলিতে ছয়জন সাধারণ মানুষ আহত হন। পরে স্থানীয়রা অটোরিকশাচালক ও রায়হানের সহযোগী জাবেদ হোসেনকে আটক করে।
এরপর ধারাবাহিক অভিযানে পুলিশ মো. এমরান হোসেন মাসুদ, কাজী মো. সাইদুল ইসলাম সৌরভ, মো. ইখতিয়ার ফরহাদ, মো. মোহররম আলী এবং জনার্দন দে নামের আরও পাঁচজনকে গ্রেপ্তার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ইতালিতে তৈরি একটি ৭.৬৫ এমএম পিস্তল, একটি একনলা বন্দুক, দুটি ম্যাগাজিন এবং ৩৪ রাউন্ড গুলি ও কার্তুজ উদ্ধার করা হয়।






