সমকালের প্রতিবেদন অনুযায়ী, বিভিন্ন স্থানে হাতবোমা বিস্ফোরণ ও যানবাহনে আগুনের মতো ঘটনা রাজনৈতিকভাবে প্রতিরোধে জামায়াতে ইসলামী রাজপথে নামবে, যদি সরকারের তরফ থেকে ঐক্যের আহ্বান আসে। মঙ্গলবার বিরোধীদলের সংসদীয় দলের সভায় এই আলোচনা হয়। সংসদ বৈঠকের আগে বিরোধীদলের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সমকালকে জামায়াত সূত্র জানিয়েছে, সরকার বিরোধী দলকে নানাভাবে হয়রানি করছে এবং বিরোধীদলীয় এমপিদের বিরুদ্ধে গোয়েন্দা সংস্থা ব্যবহার করছে—এমন ধারণার বশবর্তী হয়ে তারা জেনেশুনেই এবার রাজপথে নেই। মঙ্গলবারের সংসদীয় দলের সভাতেও এই প্রসঙ্গগুলো আলোচনায় আসে। বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বলেন, সরকারের একজন প্রতিমন্ত্রী জামায়াতের একজন সংসদ সদস্যকে টেলিফোন করে জানতে চেয়েছেন বিরোধী দল কেন রাজপথে নামছে না। সভা সূত্র জানায়, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ঢাকা-১৬ আসনের জামায়াতের এমপি কর্নেল (অব.) আবদুল বাতেনকে ফোন করে মিরপুর এলাকায় নেতাকর্মীদের মাঠে নামাতে বলেছিলেন।

সভায় উপস্থিত একাধিক এমপি সমকালকে জানান, সরকার যতক্ষণ আনুষ্ঠানিকভাবে ঐক্যের ডাক না দেবে, ততক্ষণ তারা নামবেন না। তবে পরিস্থিতির অবনতি হলে আওয়ামী লীগ ঠেকাতে তারা নামতে প্রস্তুত থাকবেন। এছাড়া বোমাবাজি ও আগুন সন্ত্রাসের বিরুদ্ধে শিগগির রাজনৈতিক কর্মসূচি দিতে পারে জামায়াত। শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধানমন্ত্রীর জাপান সফর, মাতারবাড়ি চুক্তি, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সারের ডিলার নিয়োগে অনিয়মসহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।