স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ঘোষণা করেছেন যে বাংলাদেশের মানুষ গণহত্যাকারী আওয়ামী লীগকে আর কোনোদিন এই দেশে রাজনীতি করতে দেবে না। তিনি আজ জুমার নামাজের আগে চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর মাদরাসার ১০৪তম বার্ষিক দ্বীনি মহাসম্মেলনের সমাপনী সভায় প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন।

একাত্তর টিভির প্রতিবেদন অনুযায়ী, মন্ত্রী মহোদয় বলেন, যারা দেশবাসির ওপর চরম অন্যায়-অত্যাচার ও জুলুম-নির্যাতন করেছে, সেই জালেম স্বৈরাচারী ও ফ্যাসিবাদীদের আর এই দেশে কোনো স্থান থাকবে না। তিনি জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে জাতিসংঘের হিসাব অনুযায়ী ১ হাজার ৪০০ জন শহীদ হয়েছে এবং গত ১৬-১৭ বছরে প্রায় ৩ হাজার মানুষ গুমের শিকার হয়েছে বলে জানান। নিজেও গুমের শিকার হয়েছিলেন, রব্বুল আলামিনের সাহায্যে বাঁচে থাকার কথা উল্লেখ করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, প্রায় ৭ হাজার মানুষ বিভিন্নভাবে হত্যাযজ্ঞের শিকার হয়েছে এবং লাখ লাখ মানুষ হামলা-মামলায় নিপীড়িত। গার্মেন্টস খাতের অস্থিরতার পেছনে ফ্যাসিবাদী শক্তির হাত থাকার অভিযোগ আনার পাশাপাশি তিনি ইসলামের নাম বিক্রি করে রাজনীতি করা দলদের ওপর আক্ষেপ করেন। বিসমিল্লাহ সংযোজন, কোরান পাঠ ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জাতীয়তাবাদী ইসলামী মূল্যবোধের রাজনীতি প্রতিষ্ঠার কথা বলেন তিনি।

জুলাই সনদ বাস্তবায়ন এবং সংবিধানে ইসলামী মূল্যবোধ ধারণের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনার মূলনীতি থেকে মহান আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন, যা পুনঃস্থাপন করা হবে। পঞ্চম সংশোধনীর মাধ্যমে 'বিসমিল্লাহির রাহমানির রাহিম' সংবিধানে ধারণ করেছিলেন জিয়াউর রহমান বলে স্মরণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।