বাংলা ট্রিবিউনের তথ্যানুযায়ী, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল ও নাশকতার পরিকল্পনার অভিযোগে বরিশালের আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সাত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার (৭ নভেম্বর) দুপুরে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন— শিক্ষক অলিউল রহমান, রবিউল খলিফা, রাব্বি মৃধা, কামরুল সরদার, ব্যবসায়ী সাইফুল সরদার, সরোয়ার সরদার এবং চাকরিজীবী রাজিব সরদার। পুলিশ জানায়, গত শুক্রবার আগৈলঝাড়া-পয়সারহাট সড়কের বাকাল পয়সা এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। ওই ঘটনার সূত্র ধরে শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এবং রাতেই থানা পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান জানিয়েছেন, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে।
এদিকে আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন দাবি করেছেন, গ্রেফতার হওয়া শিক্ষক অলিউর রহমান ছাত্রজীবনে রাজনীতি করলেও পরবর্তীতে আর যুক্ত ছিলেন না। এছাড়া রাজিব সরদার ও সাইফুল সরদার রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় না থাকা সত্ত্বেও শুধু আওয়ামী লীগ পরিবারের সদস্য হওয়ায় তাদের হয়রানি ও মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে।






