চ্যানেল ২৪-এর প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে জাপানি ব্যবসায়ীদের বিনিয়োগ ও ব্যবসা পরিচালনার সুবিধা সম্প্রসারণে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্যে নিয়ন্ত্রক সংস্কার, বিনিয়োগসংক্রান্ত অনুমোদনপ্রক্রিয়া সহজ করা এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) জোরদার করার বিষয়টিতে গুরুত্ব দেওয়া হচ্ছে।
জাপানের টোকিওতে হোটেল ইম্পেরিয়ালে মারুবেনি করপোরেশনের চেয়ারম্যান এবং জাপান-বাংলাদেশ কমিটি ফর কমার্শিয়াল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশনের (জেবিসিইসি) সভাপতি মাসুমি কাকিনোকির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন বলে বাসসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাত স্বাধীনের বরাত দিয়ে এ তথ্য জানায় বাসস।
সাক্ষাৎকালে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) আধুনিকায়ন এবং বাংলাদেশে দ্বিতীয় সার কারখানা স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ে জাপানের সহায়তা কামনা করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), নবায়নযোগ্য শক্তি ও উন্নত উৎপাদন খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানান।
বৈঠকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন। এর আগে জাপানে পৌঁছালে প্রধানমন্ত্রীকে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও শীর্ষ কর্মকর্তারা স্বাগত জানান বলে আজকের পত্রিকার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।






