দেশের জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সিঙ্গাপুর, কাতার ও জাপান থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার সিদ্ধান্ত নিয়েছে। দেশ রূপান্তর অনুযায়ী, শনিবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির পৃথক বৈঠকে এ প্রস্তাবগুলো অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠকে সরাসরি ক্রয় পদ্ধতিতে বিপি সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডের কাছ থেকে পাঁচ কার্গো এলএনজি কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে প্রতি মিলিয়ন ব্রিটিশ তাপীয় একক গ্যাসের মূল্য জাপান-কোরিয়া বাজারদরের চেয়ে ০.১৭ মার্কিন ডলার কম নির্ধারণ করা হয়েছে। প্রয়োজনে উভয়পক্ষের সম্মতিতে অতিরিক্ত কার্গো ও কেনা যাবে। এই কেনাকাটা সরকারি ক্রয় আইন, ২০০৬-এর ৬৮ ধারা ও সরকারি ক্রয় বিধিমালা, ২০২৫-এর ৯৯ নম্বর ২ বিধি অনুসরণ করে সরাসরি ক্রয় পদ্ধতিতে নেওয়া হয়েছে।

আরো একটি প্রস্তাবে সরকার-টু-সরকার ভিত্তিতে কাতার এনার্জি ট্রেডিং এলএলসির কাছ থেকে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় অতিরিক্ত এক কার্গো এলএনজি কেনার অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ২০ ডিসেম্বর সরবরাহের জন্য প্রস্তাবিত এই কার্গোর মূল্য প্রতি মিলিয়ন ব্রিটিশ তাপীয় একক গ্যাসের জাপান-কোরিয়া বাজারদরের চেয়ে ০.১০ মার্কিন ডলার কম নির্ধারণ করা হয়েছে।

একই দিন অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে জাপানের জেরা গ্লোবাল মার্কেটস প্রাইভেট লিমিটেডের কাছ থেকে এলএনজি কেনার প্রস্তাব উপস্থাপন করা হয়। পাশাপাশি বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) ও জেরা গ্লোবাল মার্কেটসের মধ্যে চূড়ান্ত করা স্বল্পমেয়াদি এলএনজি বিক্রয় ও ক্রয় চুক্তি ও শর্তপত্রের নির্ধারিত নমুনা সইয়ের নীতিগত অনুমোদন ও দেওয়া হয়েছে।