ফরিদপুরে প্রকাশ্য দিবালোকে আদালত এলাকা থেকে এক ব্যক্তিকে অপহরণ করে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। আহত ব্যক্তির নাম মো. বাচ্চু খাঁ (৩২)। তিনি শহরের লক্ষ্মীপুর ডগ বস্তি এলাকার বাসিন্দা রিকশাচালক মো. লাবলু খাঁর ছেলে। তিনি ডেকরেটর শ্রমিক হিসেবে কাজ করতেন।

বাচ্চু খাঁর ভাই মো. বাদল খাঁ বলেন, বাচ্চু আজ সকালে শহরের আদালত পাড়ায় এক বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সেখান থেকে অন্তত ১৫ জন সন্ত্রাসী তাকে একটি ইজিবাইকে তুলে নিয়ে লাশকাটা ঘর বস্তি এলাকায় নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে। এসময় তার বাম হাত এবং দুই পায়ের রগ কেটে দেওয়া হয়েছে।

পরে এলাকাবাসী আহত বাচ্চু খাঁকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালিত ট্রমা সেন্টারে ভর্তি করেন। ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, কুপিয়ে এক ব্যক্তিকে জখম করার ঘটনা তিনি শুনেছেন। তবে তিনি জানেন না যে আদালত এলাকা থেকে তাকে অপহরণ করা হয়েছে। প্রথম আলোর তথ্যমতে, রাত ৮টার দিকে তিনি এ বিষয়ে জানতে পেরে পুলিশের একটি দল ট্রমা সেন্টারে পাঠিয়েছেন।