রাজধানীর পল্লবী থানার রাষ্ট্রদ্রোহ, সন্ত্রাসবিরোধী আইন ও সাইবার সুরক্ষা আইনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর ড. খন্দকার আব্দুল হাফিজের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বাংলা ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসানের আদালতে আসামিকে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের পরিদর্শক শেখ বশির আহমেদ। প্রসিকিউশন বিভাগের এসআই আবু বকর ছিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছিলেন।

পরবর্তীতে দেশ রূপান্তর, চ্যানেল ২৪ ও বার্তা২৪-এর প্রতিবেদনে জানানো হয়, শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসান আসামির চার দিনের রিমান্ডের আদেশ দেন।

এর আগে শনিবার দিবাগত রাতে ঢাকার বনানী এলাকা থেকে আব্দুল হাফিজকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বাংলা ট্রিবিউন জানিয়েছে, এ মামলায় অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল দেবাশীষ কুমার বড়ুয়া এবং লেফটেন্যান্ট গুলশান আরা নামের আরও দুই আসামি গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন।

মামলার বিবরণ অনুযায়ী, আসামিরা নিজেদের বাসায় অবস্থান করে ‘বাংলাদেশ আওয়ামী লীগ সাপোর্টারস আলফা’ ও ‘বিবিএম ট্রান্সপারেন্সি’ নামের হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে সরকারবিরোধী তৎপরতা, তহবিল সংগ্রহ এবং সহিংস উসকানিমূলক কন্টেন্ট তৈরি করে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে অভিযুক্ত।