সারাবাংলার খবর অনুযায়ী, চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নে গাছ কাটার সময় চাপা পড়ে মো. রুবেল (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় মায়ানী ইউনিয়নের পশ্চিম মায়ানী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল একই ইউনিয়নের মধ্যম মায়ানী ভূঁইয়াপাড়া গ্রামের আব্দুল মজিদ মুহুরী বাড়ির মো. মোস্তফার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রুবেল পাশের এলাকায় দৈনিক মজুরিতে গাছ কাটতে গিয়েছিলেন। সেখানে অসাবধানতাবশত একটি গাছ তার গায়ে পড়ে। এতে তিনি কোমর ও মাথায় গুরুতর আঘাত পান। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নুসরাত জাহান সুরভী সারাবাংলাকে বলেন, মো. রুবেল নামের একজনকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছিল। পরে মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।