চীন তার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশের রাজধানী কুমিংয়ের সঙ্গে মিয়ানমারের কিউকফিউ সমুদ্রবন্দর হয়ে বাংলাদেশের সংযোগ স্থাপনের লক্ষ্যে একটি অর্থনৈতিক করিডোর প্রস্তাব করেছে। এই ব্যবস্থার আওতায় পণ্য সড়কপথে কুমিং থেকে কিউকফিউ পৌঁছাবে এবং সেখান থেকে সমুদ্রপথে বাংলাদেশে আসবে। প্রথম আলো ইংরেজি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গত ২৬ জুন বেইজিংয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই করিডোরের প্রস্তাব দেন। তবে করিডোরের সুনির্দিষ্ট রুট, বাংলাদেশের কোন বন্দর ব্যবহার করা হবে এবং কীভাবে পরিবহন ব্যবস্থা সমন্বিত হবে, তা নিয়ে আলোচনা চলছে। বেইজিংয়ের প্রাথমিক পরিকল্পনা হলো কুমিং থেকে রুইলি, মুসে ও মান্দালয় হয়ে রাখাইন রাজ্যের কিউকফিউ পর্যন্ত স্থলপথ ব্যবহার করা এবং সেখান থেকে বঙ্গোপসাগর পাড়ি দিয়ে ছোট ফিডার জাহাজে বাংলাদেশে পণ্য পাঠানো।
প্রতিবেদনে বলা হয়, তিন দেশের মধ্যে এই সংযোগের ধারণাটি মূলত বাংলাদেশ-চীন-ভারত-মিয়ানমার (বিসিআইএম) অর্থনৈতিক করিডোরের সঙ্গে সম্পর্কিত। কিন্তু ভারত-চীন সম্পর্কের টানাপোড়েন ও চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) নিয়ে ভারতের আপত্তির কারণে বিসিআইএম করিডোর বাস্তবায়িত হয়নি। চীনের নতুন প্রস্তাবে ভারতকে বাইরে রেখে একটি ত্রিপক্ষীয় কাঠামোর কথা বলা হয়েছে, যদিও ভারত চাইলে পরে যোগ দিতে পারবে বলে চীন উল্লেখ করেছে।
এই প্রস্তাবিত করিডোর বাস্তবায়নের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো মিয়ানমারের রাখাইন রাজ্যের অস্থিতিশীলতা ও নিরাপত্তাহীনতা। বর্তমানে রাখাইনের বেশির ভাগ এলাকা আরাকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে। চীনের ইউনান প্রদেশের বৈদেশিক বিষয়াবলি দপ্তরের উপ-মহাপরিচালক ওয়েন শিক্সিয়াং প্রথম আলো-কে জানিয়েছেন, বিসিএম করিডোরের বিশাল সম্ভাবনা থাকলেও রাখাইনের বিদ্যমান নিরাপত্তা পরিস্থিতি বাস্তবায়নের ক্ষেত্রে বড় বাধা।
প্রথম আলো ইংরেজির প্রতিবেদন অনুযায়ী, প্রস্তাবিত এই করিডোরটি কেবল অর্থনৈতিক যোগাযোগের বিষয় নয়; এর সঙ্গে বঙ্গোপসাগর অঞ্চলের ভূরাজনীতি যুক্ত রয়েছে। ভারত, জাপান ও যুক্তরাষ্ট্র এই অঞ্চলের ঘটনাবলি পর্যবেক্ষণ করছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ সরকারের জন্য জরুরি হলো প্রস্তাবটির অর্থনৈতিক ও কৌশলগত উপযোগিতা পুঙ্খানুপুঙ্খভাবে মূল্যায়ন করা।






