চ্যানেল আই জানায়, চীন ও আইসল্যান্ডের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫৫ বছর পূর্তি উপলক্ষে বেইজিংয়ে এক দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ অক্টোবর বৃহস্পতিবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং আইসল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী থরজেরদুর ক্যাটরিন গানার্সদোতির এই বৈঠকে অংশ নেন।
বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী এক-চীন নীতির প্রতি আইসল্যান্ডের ধারাবাহিক সমর্থনের প্রশংসা করেন এবং বেইজিং আইসল্যান্ডের সঙ্গে উন্নয়নের সুযোগ ভাগাভাগি করতে প্রস্তুত বলে জানান। চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর এই সদস্য বলেন, একটি আরও ন্যায়সংগত ও সমতাভিত্তিক বৈশ্বিক শাসনব্যবস্থা গঠনে দুই দেশের মধ্যে সমন্বয় জোরদার করা উচিত। এ সময় তিনি সিপিসির ২০তম কেন্দ্রীয় কমিটির পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশন সম্পর্কেও আইসল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন।
অন্যদিকে আইসল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী গানার্সদোতির জানান, বিশ্বমঞ্চে চীনের সাফল্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আইসল্যান্ড চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় এবং পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় বাড়াতে কাজ করতে প্রস্তুত রয়েছে।






