প্রথম আলো জানিয়েছে, জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াতকে (মুন) বুধবার রাতে আটক করেছে পুলিশ। ছাত্রদলের নেতা-কর্মীরা তাঁকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার দিবাগত রাত একটার দিকে রাজধানীর ধানমন্ডি-২৭ নম্বর এলাকা থেকে শাখাওয়াতকে আটক করা হয়। ছাত্রদলের নেতা-কর্মীরা তাঁকে আটক করে পুলিশকে খবর দেন, পরে পুলিশ গিয়ে তাঁকে থানায় নিয়ে আসে।
ওসি আব্দুল হালিম বলেন, শাখাওয়াতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে যাচাই-বাছাই চলছে।
ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিমের সহসভাপতি মোতাহার হোসেন ফেসবুকে শাখাওয়াতকে আটকের একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে দেখা যায়, ছাত্রদলের নেতা-কর্মীরা শাখাওয়াতকে জিজ্ঞাসাবাদ করছেন। তাঁর কাছে ডিসেম্বর ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পনা জানতে চাওয়া হয়। জবাবে শাখাওয়াত বলেন, তিনি ‘ওএসডি’ অবস্থায় আছেন। এ সময় একজন নেতা তাঁকে থাপ্পড় দেন।
ভিডিওতে আরও দেখা যায়, মোতাহার হোসেন শাখাওয়াতের কাছে নাম জানতে চান এবং সরকারি আমলা হয়ে আর নাশকতা করবেন কি না, তা-ও জানতে চান। জবাবে শাখাওয়াত আর না করবেন বলে জানান। এ সময় তাঁকে কান ধরতে বলেন ছাত্রদল নেতা-কর্মীরা, তিনি কান ধরেন। পরে পুলিশ তাঁকে সেখান থেকে আটক করে থানায় নিয়ে যায়।






