আলোকিত বাংলাদেশের খবর অনুযায়ী, যশোরের শার্শা উপজেলার বেনাপোলে বিএনপি নেতা ও ৯২৫ হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি তবিবুর রহমানকে লক্ষ্য করে বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে তবিবুর রহমান ও তার সঙ্গে থাকা লোকমান হোসেন নামে দুজন আহত হয়েছেন।

গতকাল রাত আনুমানিক ১টার দিকে বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামে তবিবুর রহমানের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহত দুজনই ওই গ্রামের বাসিন্দা। আহত তবিবুর রহমান জানান, তারা কয়েকজন মিলে সীমান্ত পাহারা দিয়ে বাড়ি ফিরছিলেন। বাড়ির গেটের সামনে পৌঁছালে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি তাদের লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

জানা গেছে, বোমার আঘাতে আহত দুজনের শরীরের বিভিন্ন স্থানে, বিশেষ করে হাত ও পায়ে ক্ষত সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর সাধারণ সম্পাদক শহীদ আলী বলেন, “আমরা একসঙ্গে সীমান্ত পাহারা দিয়ে আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকানোর পর বাড়ি ফিরছিলাম। এ সময় তবিবুর রহমানের বাড়ির সামনে এমন ঘটনা ঘটে। আমরা এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সঙ্গে অবিলম্বে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।”

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী বাবুল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ সময় ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত একটি ককটেল এবং বিস্ফোরিত ককটেলের কিছু অংশবিশেষ জব্দ করা হয়েছে। পরবর্তীতে সহকারী পুলিশ সুপার (নাভারণ সার্কেল) ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।