ঢাকা পোস্টের প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় ঢাকার বাতাসের মান ২১১, যা 'খুবই অস্বাস্থ্যকর' পর্যায়ে পড়ে। আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, বায়ুদূষণের এই তালিকায় ১২৫ শহরের মধ্যে ঢাকা চতুর্থ স্থানে রয়েছে।
একই তথ্যসূত্রে জানানো হয়েছে, ২৭৯ স্কোর নিয়ে বায়ুদূষণে শীর্ষে আছে পাকিস্তানের লাহোর। ২৫৫ স্কোরে দ্বিতীয় স্থানে আফগানিস্তানের কাবুল, ২২৩ স্কোরে তৃতীয় স্থানে পাকিস্তানের করাচি এবং ২০৮ স্কোরে পঞ্চম স্থানে রয়েছে মঙ্গোলিয়ার উলানবাটর।
একিউআই স্কোর কীভাবে মাপা হয়
প্রতিদিনের বাতাসের মানের ভিত্তিতে তৈরি একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত তা মানুষকে জানায় এবং কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, সে সম্পর্কেও তথ্য দেয়।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর ০ থেকে ৫০ এর মধ্যে থাকলে বাতাস 'ভালো', ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা 'সহনীয়', ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর (অসুস্থ বা শিশু-বৃদ্ধ) জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। ১৫১ থেকে ২০০ হলে 'অস্বাস্থ্যকর', ২০১ থেকে ৩০০ হলে 'খুবই অস্বাস্থ্যকর' এবং ৩০১ এর বেশি হলে 'দুর্যোগপূর্ণ' হিসেবে বিবেচিত হয়।






