ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা তিন দিনের অসময়ের বৃষ্টিতে যশোর ও শরীয়তপুরে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ইনডিপেনডেন্ট টিভি। শাকসবজির পাশাপাশি ধান চাষীরাও এতে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। কৃষকদের আশঙ্কা, উৎপাদন হ্রাসের পাশাপাশি ফসল তোলার খরচ বাড়বে এবং শীতকালীন ফসল আবাদ নিয়ে অনিশ্চয়তা দেখা দেবে।
বৃষ্টির কারণে যশোরের নিচু অঞ্চলের জমিগুলো তলিয়ে গেছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় উঁচু ফসলি জমিতেও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। স্থানীয় কৃষকরা জানিয়েছেন, বৃষ্টির পানিতে কাটা আমন ধান ভেসে গেছে। এছাড়া সরিষা, মসুর, মরিচ, আলু এবং শীতকালীন সবজির ফলনেও মারাত্মক প্রভাব পড়ার শঙ্কা তৈরি হয়েছে।
পরিস্থিতি সামাল দিতে জমি থেকে দ্রুত পানি নিষ্কাশন ও বালাইনাশক ব্যবহারের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। যশোরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবু সাদ মো. আরিফ জানান, পানির মধ্য থেকে ধান কোনোমতে রক্ষা করা গেলেও বিচালি বাঁচানো অসম্ভব হয়ে পড়েছে, যা চাষীদের জন্য চরম ক্ষতি বয়ে এনেছে।
অন্যদিকে শরীয়তপুরেও বৃষ্টির পানিতে পেঁয়াজ, রসুন ও শীতকালীন সবজির ক্ষেত তলিয়ে গেছে। জমিতে পানি জমে থাকায় ফসল রক্ষায় চাষীরা দুর্ভোগ পোহাচ্ছেন। কৃষি বিভাগ বিভিন্ন এলাকা পরিদর্শন করে ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করছে এবং পরবর্তীতে ক্ষতিগ্রস্ত কৃষকদের পরামর্শ ও সহায়তা দেওয়া হবে বলে জানানো হয়েছে।






