চ্যানেল আইয়ের সংবাদে প্রকাশ, ২০৩০ সালের মধ্যে বিশ্বজুড়ে ৩০ কোটি বাড়িতে সৌরবিদ্যুৎ পৌঁছে দেওয়ার একটি বৈশ্বিক উদ্যোগে যুক্ত হয়েছে বাংলাদেশ। তুরস্কের আনতোলিয়ায় চলমান কপ-৩১ জলবায়ু সম্মেলনে সোমবার বাংলাদেশ এ ঘোষণায় সমর্থন জানায়। কেনিয়া, নাইজেরিয়া ও ভানুয়াতুও এই ঘোষণায় যুক্ত হয়েছে। এর আগে অস্ট্রেলিয়া এই ঘোষণায় সমর্থন দিয়েছিল।

চ্যানেল আই জানিয়েছে, এই উদ্যোগের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে বিশ্বে সৌরবিদ্যুৎ ব্যবহারকারী পরিবারের সংখ্যা দ্বিগুণ করে ৩০ কোটিতে উন্নীত করা। ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের খরচ কমানো, অনুমোদনপ্রক্রিয়া সহজ করা, বিদ্যুৎ গ্রিড আধুনিকায়ন এবং দক্ষ জনবল তৈরির মাধ্যমে এ লক্ষ্য অর্জন করতে চায় অংশীদাররা।

ঘোষণায় সমর্থন জানিয়ে বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ বলেন, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ ৫ হাজার ৫০০ মেগাওয়াট ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী প্রায় ৮ লাখ ৭০ হাজার ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের কথা রয়েছে। এর মধ্যে ২০ শতাংশ বিনিয়োগ আসবে দেশীয় উৎস থেকে এবং বাকি ৮০ শতাংশ আন্তর্জাতিক অর্থায়ন থেকে প্রয়োজন হবে।

চ্যানেল আইয়ের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা ও সরবরাহসংকটের চাপে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎকে বিকল্প জ্বালানির গুরুত্বপূর্ণ উৎস হিসেবে দেখা হচ্ছে। ব্রাইট গ্রিন এনার্জি ফাউন্ডেশনের চেয়ারম্যান দীপাল সি বড়ুয়া এবং নলেজ হাব ইনস্টিটিউটের সভাপতি ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো, দক্ষ দেশীয় সরবরাহব্যবস্থা গড়ে তোলা এবং আর্থিক ও নীতিগত নানা বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেছেন।