ময়মনসিংহের ভালুকায় ঢাকায় পৌঁছে দেওয়ার কথা বলে ১৫ বছর বয়সী এক কিশোরীকে বাসে তুলে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে বাসচালক, হেলপার ও সুপারভাইজারের বিরুদ্ধে। ঢাকা পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়, এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় বাসসহ তিন অভিযুক্তকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বাসচালক রবিউল করিম সরকার (২৬), হেলপার হালিম মোল্লা (৩৫) ও সুপারভাইজার মাহবুবুর রহমান (৩০)। তাদের সবার বাড়ি নাটোর জেলার বিভিন্ন এলাকায়। এ ঘটনায় মঙ্গলবার কিশোরীর বাবা বাদী হয়ে ভালুকা মডেল থানায় মামলা দায়ের করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে মায়ের সঙ্গে অভিমান করে বাড়ি থেকে বের হয়ে কালিয়াকৈর বাসস্ট্যান্ডে অপেক্ষা করছিল ওই কিশোরী। তখন একটি বাসের হেলপার তাকে ঢাকায় নিয়ে যাওয়ার কথা বলে বাসে তোলেন। কিন্তু বাসটি ঢাকার উদ্দেশ্যে রওনা না হয়ে ভালুকার স্কয়ার মাস্টারবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় চলে আসে। সেখানে অন্য যাত্রীদের নামিয়ে দিলেও কিশোরীকে পেছনে বসিয়ে রাখা হয়।
কিশোরী গন্তব্য পরিবর্তনের কারণ জানতে চাইলে অভিযুক্তরা সময়ক্ষেপণ করতে থাকেন এবং একপর্যায়ে তাকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ পাওয়া গেছে। কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন এসে বাসটি ঘিরে ফেলেন এবং তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জানান, ধর্ষণচেষ্টার মামলায় গ্রেপ্তারকৃত তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।






