বাংলাদেশ ব্যাংকের 'ফিন্যান্সিয়াল ইনক্লুশন রিপোর্ট বাংলাদেশ, ২০২৫' অনুযায়ী দেশের প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর ৬৪.৫ শতাংশ আনুষ্ঠানিক আর্থিক সেবার আওতায় এসেছে, অর্থাৎ ৩৫.৫ শতাংশ মানুষ এখনো এই সেবার বাইরে রয়েছে। আজকের পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে প্রাপ্তবয়স্ক পুরুষদের ৬৯.৫ শতাংশ আর্থিক সেবার আওতায় থাকলেও নারীদের ক্ষেত্রে এই হার ৬০.৯ শতাংশ, যা ৮.৬ শতাংশীয় পয়েন্টের ব্যবধান তৈরি করেছে।
জাতীয় আর্থিক অন্তর্ভুক্তি জরিপের ভিত্তিতে তৈরি এই প্রতিবেদনে ৮ বিভাগ ও ৬৪ জেলার ৬ হাজার ৯১২টি পরিবারের ১৫ বছর বা তার বেশি বয়সী সদস্যদের মতামত নেওয়া হয়েছিল। শিক্ষা ও বসবাসের এলাকার ভিত্তিকেও পার্থক্য দেখা গেছে। প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই এমন মানুষের ৫৫.১ শতাংশ আর্থিক সেবার আওতায় রয়েছে, যেখানে উচ্চশিক্ষিত ব্যক্তিদের ক্ষেত্রে হার ৮৯.৬ শতাংশ। শহরে অন্তর্ভুক্তির হার ৬৬.৮ শতাংশ, গ্রামে ৬৩.৬ শতাংশ।
প্রতিবেদনে জানানো হয়, গ্রামে আর্থিক সেবা পৌঁছাতে এজেন্ট ব্যাংকিংয়ের ভূমিকা বেড়েছে। ২০২৫ সালের ডিসেম্বর শেষে দেশে এজেন্ট ব্যাংকিং আউটলেট ছিল ২০ হাজার ৫০১টি, যার ৮৫.৫ শতাংশ গ্রামে অবস্থিত। এই ব্যবস্থায় মোট ২ কোটি ৫৮ লাখ ৩২ হাজার ৯৮১টি হিসাব রয়েছে, যার ৮৪.৬ শতাংশ গ্রামীণ এলাকার।
ডিজিটাল সেবাও বিস্তার পেয়েছে। ২০২৫ সালের ডিসেম্বর শেষে মোবাইল আর্থিক সেবা (এমএফএস) হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ কোটি ২ লাখ ৪০ হাজারে, যা আগের বছরের চেয়ে ৪.৮৪ শতাংশ বেশি। নারী গ্রাহকের হিসাব ১০ কোটি ৫৬ লাখ ৭০ হাজার। এই সময়ে এমএফএসে লেনদেন ২৫.৫৮ শতাংশ বেড়ে ২১ লাখ ৮৩ হাজার ১০০ কোটি টাকায় পৌঁছেছে।
তবে হিসাব বেড়লেও আর্থিক সেবার কার্যকর ব্যবহার বেড়ছে না। ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের হিসাব ৭.৬৭ শতাংশ বেড়ে ৪ কোটি ৫৯ লাখ হয়েছে, ঋণ হিসাব ৬.৯৪ শতাংশ বেড়েছে, কিন্তু ঋণের বকায়া ১.২১ শতাংশ কমেছে। ব্যাংকের মোট আমানত হিসাবের ৩৮.৫ শতাংশ নারীদের নামে (আগের বছর ৩৭.৭ শতাংশ), কিন্তু নারী মালিকানাধীন সিএমএসএমই উদ্যোক্তারা মোট ঋণের মাত্র ৭.৫ শতাংশ পেয়েছেন।
জাতীয় আর্থিক অন্তর্ভুক্তি কৌশলের ৬৯টি লক্ষ্যের মধ্যে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ৫৩টি (৭৬ শতাংশ) পুরোপুরি বাস্তবায়িত হয়েছে, বাকি ১৬টি আংশিক। এই লক্ষ্যগুলোতে আর্থিক সাক্ষরতা, গ্রাহক সুরক্ষা ও সুবিধাবঞ্চিত ব্যক্তিদের সেবা অন্তর্ভুক্ত।
ব্যাংক এশিয়ার সাবেক এমডি ও জয়তুন বিজনেস সলিউশনসের চেয়ারম্যান আরফান আলী আজকের পত্রিকাকে বলেন, দেশে প্রায় সাড়ে ১৩ কোটি সঞ্চয়ী হিসাব থাকলেও অনেকগুলো নিষ্ক্রিয়। নিম্ন আয়ের মানুষের ব্যাংকিং সেবায় প্রবেশ কঠিন হচ্ছে কারণ বেসরকারি ব্যাংকগুলো আর্থিক অন্তর্ভুক্তিতে যথেষ্ট আগ্রহী নয়। ২০ হাজার টাকার কম স্থিতির হিসাব খুলতে অনেক ব্যাংক অনাগ্রহ দেখায়; ১০ হাজার টাকা না থাকলে চেকবইও দিতে চায় না।
আরফান আলীর মতে, এক-তৃতীয়াংশ মানুষকে আর্থিক সেবার বাইরে রেখে ক্যাশলেস অর্থনীতি গড়া সম্ভব নয়। এ জন্য ব্যাংক, এমএফএস, পিএসপি ও টেলিকম খাতের সমন্বিত উদ্যোগের পাশাপাশি প্রযুক্তি, আস্থা ও সহায়ক নীতিমালা প্রয়োজন। প্রতিবেদনেও নিয়মিত ব্যবহার, আর্থিক সাক্ষরতা, ডিজিটাল দক্ষতা ও গ্রাহক সুরক্ষায় গুরুত্ব দেওয়া হয়েছে।






