ডেইলি অবজার্ভারের তথ্যানযায়ী, সাইবার হামলার শিকার হয়েছে ফরাসি আন্তর্জাতিক বার্তা সংস্থা এজেন্স ফ্রান্স-প্রেস (এএফপি)। এই হামলার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সংস্থাটি তাদের কনটেন্ট শেয়ারিং প্ল্যাটফর্ম 'এএফপি ফোরাম' বন্ধ করে দিয়েছে।

আনাদোলু এজেন্সির বরাত দিয়ে জানানো হয়, এএফপির পক্ষ থেকে বৃহস্পতিবার ঘোষণা করা হয়েছে যে, বাইরের বিশেষজ্ঞদের সহায়তায় ঘটনাটির তদন্ত চলছে। তবে এই হামলার পেছনে কারা জড়িত, তা এখনও জানা যায়নি। প্যারিসভিত্তিক বার্তা সংস্থাটির একটি অভ্যন্তরীণ ইমেইলে বলা হয়েছে, স্থানীয় সময় গত বৃহস্পতিবার ভোর ১টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৬টা ৩০ মিনিট) এই হামলা শুরু হয়। গ্রাহকরা মূলত সংবাদ ও মাল্টিমিডিয়া কনটেন্ট দেখতে এবং ডাউনলোড করতে এএফপি ফোরাম ব্যবহার করে থাকেন।