চ্যানেল আই জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে প্রজ্ঞাপন জারি করে পুলিশের অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা আবদুল্লাহ আল জহিরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাকে রাঙামাটির বেতবুনিয়ায় পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুলে (পিএসটিএস) সংযুক্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, গত ১৯ অক্টোবর ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের উত্তর বিভাগের একটি দল ভাটারা থানাধীন পুলিশ হাউজিং আবাসিক এলাকায় তার বাসায় অভিযান চালায়। অভিযানে গাঁজা, ইয়াবা, মদ ও ইয়াবা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়। এ সময় ২৬ জন নারীসহ মোট ৮৫ জনকে আটক করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, এ ঘটনায় জনমনে পুলিশের প্রতি নেতিবাচক ধারণা তৈরি হয়েছে এবং বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এ ধরনের কর্মকাণ্ড শিষ্টাচারবহির্ভূত ও বিভাগীয় নিয়ম-শৃঙ্খলার পরিপন্থী। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ১২(১) বিধি অনুযায়ী ২৫ অক্টোবর থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বার্তা২৪ জানিয়েছে, ঘটনাটি খিলক্ষেতে নিজের ভাড়া দেওয়া বাড়িতে ঘটেছে, যা অন্য সূত্রে পুলিশ হাউজিং এলাকায় বলা হয়েছে। এছাড়াও বার্তা২৪ জানিয়েছে ৮৪ জন আটক হয়েছে, যা অন্য সূত্রে ৮৫ জন বলা হয়েছে।






