বাংলা ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, গত পাঁচ বছরে পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৩১৬ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ৩০৮ জন বেসামরিক নাগরিক এবং ৮ জন নিরাপত্তা বাহিনীর সদস্য। একই সময়ে ৪৩৫ জন বেসামরিক নাগরিক ও ৫৫ জন নিরাপত্তা বাহিনীর সদস্য আহত হয়েছেন।
বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের প্রশ্নোত্তর পর্বে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর পক্ষে এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সংসদ কার্যপ্রণালি অনুযায়ী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে তিনি এই তথ্য প্রদান করেন।
প্রশ্নে এস এ জিন্নাহ কবির জানতে চেয়েছিলেন, পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় সশস্ত্র গোষ্ঠীর হামলা, অপহরণ, চাঁদাবাজি এবং আইনশৃঙ্খলা বাহিনীর ওপর আক্রমণের বিষয়ে সরকারের কাছে কী তথ্য রয়েছে। গত পাঁচ বছরে কতটি ঘটনা ঘটেছে এবং কতজন হতাহত হয়েছেন, তাও জানতে চেয়েছিলেন তিনি।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গত পাঁচ বছরে নিরাপত্তা বাহিনীর ওপর সশস্ত্র গোষ্ঠীগুলো ৯৭ বার হামলা চালিয়েছে। এ সময়ে বাঙালি জনগোষ্ঠীর ওপর ১৯৪ বার এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর ওপর ৮১ বার হামলার ঘটনা ঘটেছে। এছাড়া ২৯৭ জনকে অপহরণ, ৪৭১ বার জোরপূর্বক চাঁদা আদায় এবং ৩৭৭ বার অবৈধ অস্ত্র ব্যবহারের ঘটনা ঘটেছে।
পার্বত্য অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের নেওয়া পদক্ষেপ তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং সন্ত্রাসীদের তৎপরতা দমনে সশস্ত্র বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন উত্তরণ’ চলমান রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও এসআরবির নিয়মিত টহল এবং গোয়েন্দা তৎপরতা বাড়িয়ে সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধ করা হচ্ছে।
তিনি বলেন, পাহাড়ে অবৈধ অস্ত্রধারী, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর নীতি গ্রহণ করা হয়েছে। সুনির্দিষ্ট অপরাধের অভিযোগে প্রচলিত আইন অনুযায়ী মামলা করে আসামিদের আইনের আওতায় আনা হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, পার্বত্য চট্টগ্রামে নতুন ও পুরোনো আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা নির্মূল এবং অবৈধ অস্ত্র উদ্ধারে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও এসআরবির সমন্বয়ে নিয়মিত বিশেষ যৌথ অভিযান চালানো হচ্ছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুর্গম পাহাড়ি এলাকায় সন্ত্রাসীদের গোপন আস্তানা ও প্রশিক্ষণ ক্যাম্প ধ্বংসেও অভিযান চালানো হচ্ছে। প্রয়োজন অনুযায়ী বিমানবাহিনীর সহযোগিতায় হেলিকপ্টার ব্যবহার করা হয়।
তিনি বলেন, সন্ত্রাসীদের জোরপূর্বক চাঁদা আদায়ের উৎস ও অর্থনৈতিক খাত চিহ্নিত করে নজরদারি করা হচ্ছে। চাঁদাবাজি বন্ধে চেকপোস্টের সংখ্যা বাড়ানো এবং মোবাইল ব্যাংকিংসহ আর্থিক লেনদেনের ওপর গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র ও মাদক চোরাচালান ঠেকাতে বিজিবির সক্ষমতা বাড়ানো হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ভারতের মিজোরাম ও মিয়ানমার সীমান্তসংলগ্ন দুর্গম এলাকায় নজরদারি বৃদ্ধি করা হয়েছে। অস্ত্র ও সামরিক পোশাক সরবরাহের সঙ্গে জড়িত সমতলের বিভিন্ন উৎস ও নেটওয়ার্ক পুলিশ ও এসআরবি উন্মোচন করছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, পাহাড়ে ধারাবাহিক ও বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর শত শত সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসব অভিযানে তাদের ব্যবহৃত অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, তাজা গুলি, ম্যাগাজিন, কমব্যাট ইউনিফর্ম এবং ড্রোন ও সিগন্যাল সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।






