বাংলা ট্রিবিউন অনুযায়ী, জাতীয় সংসদে চারটি কমিটি পুনর্গঠিত হয়েছে। কমিটিগুলোতে কয়েকজন সদস্য পরিবর্তনসহ নতুন নির্বাচিত সংসদ সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) চিফ হুইপ নূরুল ইসলাম মনি প্রস্তাবগুলো উত্থাপন করেন, যা কণ্ঠভোটে পাস হয়।

সংবিধান সংশোধনবিষয়ক ১২ সদস্যের বিশেষ কমিটিতে বিএনপির সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেলের পরিবর্তে স্বতন্ত্র সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমরকে অন্তর্ভুক্ত করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এই কমিটির সভাপতি। এর আগে কমিটিতে বিএনপির আটজন সদস্য ছিলেন।

প্রস্তাব উত্থাপনের সময় চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, সংবিধান সংশোধনবিষয়ক কমিটিতে বিরোধী দলের সংসদ সদস্যদের অন্তর্ভুক্ত করার বিষয়ে সরকার এখনো আগ্রহী। তিনি বলেন, ‘কমিটিতে যেসব বিরোধী দলের সদস্য থাকার কথা ছিল, তাদের আমরা সব সময়ই আমন্ত্রণ জানিয়েছি এবং ভবিষ্যতেও জানাবো। কমিটি চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া পর্যন্ত তাঁদের জন্য আমাদের দরজা খোলা থাকবে। তাঁরা যোগ দিতে চাইলে কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে।’

এছাড়াও, উপনির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য মির্জা ফয়সাল আমিনকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য এলিজা জামানকে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতেও সদস্য পরিবর্তন করা হয়েছে। জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আবদুল বারী সরদারের পরিবর্তে একই দলের মোহাম্মদ মোসলেহ উদ্দিন ফরিদকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এই পরিবর্তনের ব্যাখ্যায় চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, বিরোধী দলের ছায়া মন্ত্রিসভায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে মোসলেহ উদ্দিন ফরিদ আছেন, তাই তাকে স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে।