ঢাকা ট্রাইবিউনের তথ্যমতে, রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়ায় দুর্বৃত্তদের ছোঁড়া ককটেল বিস্ফোরণে ১৭ বছর বয়সী এক কিশোর আহত হয়েছে। আহত কিশোরের নাম আদোর, সে উজ্জ্বল চৌধুরীর ছেলে।
কিশোরটির পরিবার জানায়, মঙ্গলবার রাত আনুমানিক ২টার দিকে রামপুরা থানার অন্তর্গত মালিবাগ চৌধুরীপাড়ায় গাজী মোটরসের পাশের রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে। আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং পরবর্তীতে মেট্রোপলিটন হাসপাতালে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য ভোর ৫টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক হাবিবুর রহমান জানান, ককটেল বিস্ফোরণে আহত অবস্থায় কিশোরটিকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছিল এবং পরবর্তীতে বার্ন ইউনিটে পাঠানো হয়। চিকিৎসকদের তথ্যানুযায়ী, বিস্ফোরণে কিশোরটির শরীরের প্রায় ৮ শতাংশ দগ্ধ হয়েছে।






