বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আহসানউল্লাহ হলের ১৩৭ নম্বর কক্ষে সোমবার রাত ১১টা ৪২ মিনিটে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে আলোকিত বাংলাদেশ জানিয়েছে।
ঘটনার সময় ওই কক্ষে না থাকায় শিক্ষার্থী মোহাম্মদ আদিলুল ইসলাম আকিব বাঁচলেন বলে তিনি ফেসবুক পোস্টে জানিয়েছেন। তিনি পাশের ১৩৪ নম্বর কক্ষে বন্ধু আদিবের সঙ্গে ছিলেন। বিস্ফোরণের কারণে জানালার কাচ ভেঙে ককটেলের গুঁড়ো তার বিছানায় এসে পড়েছে।
আকিবের দাবি, মোট তিনটি ককটেল নিক্ষেপ করা হয়েছিল, যার মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে এবং বাকি দুটি অবিস্ফোরিত অবস্থায় পাওয়া গেছে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার সাথে ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগ তুলে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।






