ইত্তেফাকের প্রতিবেদন অনুযায়ী, শীতের আগাম সবজির সরবরাহ বেড়ে রাজধানীর কাওরানবাজার, শান্তিনগর ও তুরাগ এলাকার নতুনবাজারে মৌসুমি সবজির দাম কমতে শুরু করেছে।

গত শুক্রবার বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি শিম ৬০ থেকে ৭০ টাকা, ফুলকপি ও বাঁধাকপি প্রতি পিস ৩০ থেকে ৪০ টাকা, মুলা ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ধুন্দল ও ঝিঙা ৫০ থেকে ৬০ টাকা, ঢ্যাঁড়শ ও কচুমুখি ৪০ থেকে ৫০ টাকা, বরবটি, করলা ও কাঁকরোল ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। টমেটো কেজি ১০০ টাকা, কাঁচামরিচ ৬০ থেকে ৮০ টাকা, গাজর ১২০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

শান্তিনগর বাজারের সবজি বিক্রেতা আমিনুল জানান, বাজারে শীতকালীন সবজির সরবরাহ বেড়তে শুরু করেছে, ফলে বেশ কিছু সবজির দাম কমেছে। তিনি আশা প্রকাশ করেন যে মাসখানেকের মধ্যে সব ধরনের সবজির দাম আরো কমবে।

এদিকে, সবজির বাজারে স্বস্তি ফিরলেও মাছ-মাংসের দামে তেমন পরিবর্তন নেই। রুই মাছ কেজি ২৮০ থেকে ৩৮০ টাকা, বড় তেলাপিয়া ১৮০ থেকে ২০০ টাকা, শিং ৩৫০ থেকে ৪৫০ টাকা, পাঙাশ ১৬০ থেকে ২৫০ টাকা, কাতল ৩০০ থেকে ৩৮০ টাকা, চিংড়ি ৭৫০ থেকে ৯৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি কেজি ১৭০ থেকে ১৯০ টাকা, সোনালি মুরগি ২৪০ থেকে ৩৩০ টাকা, দেশি মুরগি ৫৮০ থেকে ৬০০ টাকা, গরুর মাংস ৮০০ টাকা ও খাসির মাংস ১ হাজার ২০০ থেকে ১ হাজার ২৫০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। ডিমের দাম কিছুটা কমে ফার্মের বাদামি রঙের ডিম প্রতি ডজন ১৩০ থেকে ১৩৫ টাকায় বিক্রি হচ্ছে।