ঢাকা পোস্টের প্রতিবেদন অনুযায়ী, চট্টগ্রাম নগরের দামপাড়ায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পুলিশ লাইনসের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার (২২ নভেম্বর) রাত ১১টা ২০ মিনিটের দিকে মোটরসাইকেলে করে দুই যুবক পুলিশ লাইনসের সামনে এসে তিনটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে দুটি ককটেল সড়কের মাঝখানে বিস্ফোরিত হয়। পরে আক্রমণকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত অবস্থায় আরও একটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান জানান, সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।






