প্রথম আলো ইংরেজির প্রতিবেদন অনুযায়ী, ক্যারিবীয় অঞ্চলের পুয়ের্তো রিকোতে ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন অভিনেত্রী সামিরা খান মাহি। ২২ নভেম্বর বাংলাদেশ সময় সকাল ৫টায় জাতীয় পোশাকের মঞ্চে অংশ নেন তিনি।
মাহি ও তাঁর দল মূলত মাতৃত্ব ও মাতৃভূমিকে থিমের কেন্দ্রবিন্দুতে রেখে এই পোশাক ও গহনা তৈরি করেছেন। কুমিল্লার খাদি কাপড়ে ১৬ গজ সুতি কাপড়ে তৈরি লাল-সাদা এই শাড়িটি ডিজাইন করেছেন বিশ্বজিৎ মজুমদার। শাড়িটি সহজে মঞ্চে পরিধান করার উপযোগী করতে প্রি-স্টিচ করা হয়েছিল। শাড়ির পাড়ে ছিল ঐতিহ্যবাহী কলকা মোটিফে শাপলা ফুলের এমব্রয়ডারি ও ব্লক প্রিন্ট।
পোশাকের সঙ্গে থাকা গোলাকার শিল্পকর্মটি কাঠ, ফোম, কাপড় ও শোলার সাহায্যে তৈরি করা হয়। বিশ্বজিতের পাশাপাশি গহনা ডিজাইন করেছেন ক্যানভাসের স্বত্বাধিকারী তানওয়ী কবির। সীতাহার, কাঁঠাহার, বালা ও কানটানা ঝুমকার মতো ঐতিহ্যবাহী বাঙালি মায়ের গহনা থেকে অনুপ্রাণিত হয়ে এই গহনাগুলো তৈরি করা হয়।
শেষ মুহূর্তে মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ নির্বাচিত হওয়ায় মাহি নিজের সাথে জাতীয় পোশাক নিতে পারেননি। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫ তানিয়া জামান মিথিলা বাংলাদেশ থেকে সমস্ত পোশাক ও আনুষঙ্গিক জিনিসপত্র বহন করে পুয়ের্তো রিকোতে পৌঁছে দেন।





